নির্বাচন কমিশন নিয়ে চিন্তাই করছি না: ফখরুল

নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি এখনই কিছু ভাবছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তৃতীয় দিনে মতো দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে শেষে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই বৈঠকের সভাপতিত্ব করেন। 

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হয় বিকেল ৪টার দিকে।

প্রথম দিন দলের ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের এবং দ্বিতীয় দিন দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যদের মতামত জেনেছেন তারেক রহমান।

তৃতীয় দিনের বৈঠকে দলের অঙ্গসংগঠনের অর্থাৎ যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, উলামা দল, মৎস্যজীবীসহ অঙ্গসংগঠনগুলোর সভাপতি ও সম্পাদকসহ কেন্দ্রীয় নেতা মিলে ৯২ জন অংশ নেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আজ ৯২ জন সদস্য কথা বলেছেন। স্থায়ী কমিটির সদস্যরাও আজ কথা বলেছেন। শনিবার স্থায়ী কমিটির সদস্যরা বসবেন। তারা বৈঠক করবেন। এরপর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

মির্জা ফখরুল বলেন, ধারাবাহিকভাবে আমরা জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, পেশাজীবীসহ বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করব কি না সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। এরপর বিএনপির আন্দোলন বা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।

এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আমরা চিন্তাই করছি না। আমরা আলোচনা করেছি দেশের সামগ্রিক পরিস্থিতি ও আমাদের করণীয় বিষয়ে।