সৈয়দ হকের উপন্যাস থেকে আপস্টেজের ‘স্বপ্নভুক’

নাটকের দল আপস্টেজ মঞ্চে আনছে সৈয়দ শামসুল হকের ‘জনক ও কালোকফি’ উপন্যাস অবলম্বনে ‘স্বপ্নভুক’। নির্দেশনা দিচ্ছেন সাইফ সুমন। শুক্রবার সন্ধ্যায় নাটক সরণির (বেইলি রোড) নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

‘স্বপ্নভুক’-এর মূল বিষয় মূলত স্বপ্ন। মানুষের একেকটি স্বপ্নকে গ্রাস করে একেকটি বাস্তবতা। আবার সে বাস্তবতায় রচিত হয় মানুষের নতুন নতুন স্বপ্ন। এই স্বপ্নের মূলে থাকে সত্য। আদিকাল থেকেই মানুষ সত্য অন্বেষী। চিরকাল সে সত্য জীবনের প্রয়োজনেই মানুষ গ্রহণ করেছে দ্বিধাহীনভাবে। এই সত্যই আলোকিত করে মানুষের প্রার্থিত জীবন। জীবনের আবশ্যিক শর্ত যে সপ্রাণতা, সেই বিশিষ্ট চিরচঞ্চল দিকটি নিজের প্রয়োজনেই সৃষ্টি করে নেয় ভিন্নতর গঠন-সংজ্ঞা, নিজের গন্তব্য অনুযায়ী ঠিক করে নেয় দিক লক্ষ্য ও গতি। ‘স্বপ্নভুক’ জীবনের ভেতরে আরেক জীবন অর্জনের গল্প।

নির্দেশক সাইফ সুমন বলেন, ‘ক্ষমতার রাজনীতি’ নিয়ে আমরা যতটা ভাবিত ‘সম্পর্কের রাজনীতি’ ততটাই গুরুত্বহীন আমাদের কাছে। আমাদের অন্তর্গত জগতে গন্ডগোল আছে বলেই সময়ের এই হাহাকার অবস্থা। করোনাকাল আমাদের ভ্যাবাচ্যাকা করে দিয়েছে বটে, কিন্তু দমাতে পারেনি। থিয়েটার চর্চার অদম্য বাসনা আমাদের তাড়িয়ে বেড়ায় সর্বদায় এই প্রযোজনা এরই ফলশ্রুতি।

আরও বলেন, সৈয়দ শামসুল হকের ‘জনক ও কালোকফি’ উপন্যাস অবলম্বনে লেখা নাটক ‘স্বপ্নভুক’। উপন্যাসটি ১৯৬৩ সালে লিখেছিলেন তিনি। লেখক নিজেই এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন ‘দ্য ড্রিমইটার’ নামে, প্রকাশিত হয়েছিল ষাটের দশকে বাংলা একাডেমির ইংরেজি সাহিত্যপত্রে। উপন্যাসজুড়ে রয়েছে ঘটনার বর্ণনা এবং সেই ঘটনার ফলে ব্যক্তিমনের অবস্থা ও তার দার্শনিক মনোবিশ্লেষণ। উপন্যাসটি পাঠ করতে করতেই মাথায় ভাবনা চলে আসে- এটি নিয়ে মঞ্চে কাজ করার। সৈয়দ হকের ভাষার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। নাটকে তার গদ্য-ভাষাটাই রাখতে চেষ্টা করেছি। নাটকে ব্যবহৃত কবিতাগুলো সৈয়দ শামসুল হক ও সুমন মজুমদার রচিত।

নাটকটিতে অভিনয় করবেন মোহাম্মদ বারী ও এস আর সম্পদ। মঞ্চ পরিকল্পনায় আছেন সাকিল সিদ্ধার্থ, সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট। আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি।