রমিজ রাজার ক্ষোভ: কোন দুনিয়ায় বাস করছে নিউজিল্যান্ড?

দীর্ঘ ১৮ বছর পর তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। শুক্রবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা দু’দলের। এরপরে লাহোরে হতো টি-টোয়েন্টি সিরিজ।

কিন্তু সিরিজের প্রথম ওয়ানডে শুরুর ১০ মিনিটে আগে নিরাপত্তাজনিত শঙ্কায় সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এমনটাই জানায় ব্ল্যাকক্যাপরা।

ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ডের হুট করে নেওয়া এমন সিদ্ধান্তে হতাশ ও ক্ষুব্ধ পাকিস্তানের ক্রীড়া ব্যক্তিত্বরা। কিউইদের বিরুদ্ধে বিচার চাইতে আইসিসিতে যাওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট রমিজ রাজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন রেখে তিনি জানতে চেয়েছেন— ‘কোন দুনিয়ায় বাস করছে নিউজিল্যান্ড?’

সদ্য পিসিবি প্রেসিডেন্ট হয়েছেন রমিজ রাজা। আর পদে নিযুক্ত হওয়ার প্রথম সিরিজেই এমন ঘটনার স্বাক্ষী হলেন তিনি। যার ফলে রাগান্বিত ও হতাশাটাও বেশি হওয়ার কথা তার। হয়েছেনও রমিজ রাজা।

নিজের অফিশিয়াল টুইটার পেজে পিসিবি প্রেসিডেন্ট লেখেন, ‘খুবই পাগলাটে একটা দিন! সমর্থক ও আমাদের খেলোয়াড়দের জন্য অত্যন্ত খারাপ লাগছে। নিরাপত্তা শঙ্কায় সফর বাতিলের একতরফা সিদ্ধান্ত খুবই হতাশাজনক। বিশেষ করে, হুমকির বিষয়টি যখন আমাদের জানানো হয়নি!! নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করছে নিউজিল্যান্ড?? আইসিসিতে নিউজিল্যান্ড আমাদের জবাব পাবে।’

কেবল রমিজ রাজা নন, পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও নিউজিল্যান্ডের এই সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তার মধ্যে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, সাবেক পেসার শোয়েব আখতার, শাদাব খান, শান মাসুদও।

এ ছাড়া বিশ্ব ক্রিকেটও বিষয়টি নিয়ে হতাশ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি, অ্যাঞ্জেলো পেরেরাও টুইটারে হতাশা প্রকাশ করেছেন। এমনকি কিউইদের সফর বাতিল খুশি করতে পারেনি নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়টকেও।

অফিশিয়াল টুইটার পেজে শোয়েব আখতার লেখেন, ‘পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড’। পাশে দুটি রাগের ইমোটিকনও দেন তিনি।

২০০৩ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যায় কিউইরা। নিরাপত্তার কারণেই এতদিন এশিয়ার দেশটিতে যায়নি ব্ল্যাকক্যাপরা। কিন্তু এবার গিয়েও সফর বাতিল করল নিউজিল্যান্ড।