পল্লি বিদ্যুতের লোহার পিলারে স্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একই বাড়ির চারজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫) উজির আলীর ছেলে ইউসুফ (৪৮) নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন অর রশীদ বলেন, পল্লি বিদ্যুতের লোহার পিলার বিদ্যুতায়িত হয়ে জমিতে পানি থাকায় পানিও বিদ্যুতায়িত হয়। সন্ধ্যার দিকে আব্দুর রহিম নিজের ধানক্ষেতে নামলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিনজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মিরন আরো জানান, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।