এমএনএম একসঙ্গে খেললে দল দুর্বল হয়!

নেইমার-এমবাপে আগে থেকেই ছিলেন। সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বর্তমান সময়ের সেরা আক্রমণত্রয়ী। অনেকে তো সর্বকালের সেরা আক্রমণভাগ বলছেন। কিন্তু এই ত্রিফলার একসঙ্গে প্রথম ম্যাচটা জমেনি। চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে ক্লাব ব্রুজের সঙ্গে ৫১ মিনিট পর্যন্ত তিনজন একসঙ্গে খেলেও জয় এনে দিতে পারেননি পিএসজিকে। সাবেক ইংলিশ ফুটবলার মাইকেল ওয়েন মোটেও খুশি নন তাদের পারফরম্যান্সে। তার মতে, মেসি-নেইমার-এমবাপে একসঙ্গে খেললে দল দুর্বল হয়ে যায়! পিএসজিকে কেন চ্যাম্পিয়নস লিগের ফেভারিট ভাবা হচ্ছে তাও বুঝতে পারছেন না ওয়েন।

বুধবারের ম্যাচে এমবাপে পিএসজির একমাত্র গোলে সহায়তা করেছেন। মেসির একটি শট লেগেছে ক্রসবারে। কিন্তু নেইমার যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। তাদের রসায়নটা জমেনি। তিনজনের কেউ গোল পাননি, উল্টো মেসি দেখেছেন হলুদ কার্ড। ২০০১ ব্যালন ডি’অর জয়ী ওয়েন তাই পিএসজিকে এবারের ইউরোপসেরা শিরোপার ফেভারিট ভাবার কোনো কারণ দেখছেন না‘মেসি-নেইমার-এমবাপে তিনজন যখন একসঙ্গে খেলে, তখন সে দল দুর্বল হয়ে যায় বলে আমার কাছে মনে হয়।’ ইংল্যান্ডের হয়ে ৮৯ ম্যাচে ৪০ গোল করা ওয়েনের হিসেবে চ্যাম্পিয়নস লিগে পিএসজির চেয়ে ইংলিশ ক্লাবগুলো অনেক শক্তিশালী। ‘হ্যাঁ, পিএসজি দুর্দান্ত একটি দল। প্রত্যেক খেলোয়াড়ই নিজ নিজ গুণে অসাধারণ। দুর্দান্ত যে ফরোয়ার্ড লাইনআপ আছে, তা দেখে সবাই বিমোহিত। তবে আমার মনে হয় দল হিসেবে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি অনেক অনেক ভালো।’

পিএসজিতে এই মৌসুমে আরও যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুমা, সার্জিও রামোস, জর্জিনিও উইনাল্ডামের মতো খেলোয়াড়। মেসির চেয়ে রামোস, দোন্নারুমার মতো খেলোয়াড় দলটির চ্যাম্পিয়নস লিগ জয়ের সুযোগ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন ওয়েন।