গাভাস্কারের পছন্দ রাহুল

ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। বিশ্বকাপের পরপরই হাতবদল করবেন আর্মব্যান্ড। তার জায়গায় দায়িত্বটি পেতে যাচ্ছেন অনেক দিন ধরেই কোহলির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসা রোহিত শর্মা। কিন্তু রোহিতের বয়সও তো হয়ে গেছে কোহলির কাছাকাছি। বয়স এবং ভবিষ্যৎ কা-ারি বেছে নেওয়াই যদি মুখ্য হয় তবে নতুন কাউকে নয় কেন! প্রশ্নটা রেখেছেন সুনীল গাভাস্কার। তাই রোহিত-পরবর্তী অধিনায়ক তৈরির প্রক্রিয়াটি এখনই শুরু করার পরামর্শ তার। ব্যাটিং কিংবদন্তির পছন্দ ওপেনার লোকেশ রাহুলকে। সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি আরও একটি বিষয়ে এখনই নজর দিতে বললেন। ‘এটা ভালো ব্যাপার যে বিসিসিআই সামনে তাকাচ্ছে। ভবিষ্যৎ ভাবনা সবসময়ই গুরুত্বপূর্ণ। ভারত যদি ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে কাউকে গড়ে তুলতে চায়, তাহলে রাহুলের দিকে তাকানো উচিত। সে ভালো পারফর্ম করেছে।’