জামালপুর থেকে নিখোঁজ সেই তিন শিক্ষার্থী ঢাকায় উদ্ধার

জামালপুরের ইসলামপুর থেকে নিখোঁজের চার দিন পর তিন মাদ্রাসা শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন, মাদ্রাসায় পড়তে ভালো না লাগায় ইসলামপুর উপজেলার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসা থেকে দ্বিতীয় শ্রেণির ওই তিন শিক্ষার্থী গত রবিবার রাতে পালিয়ে যায়। নিখোঁজ তিনজনকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানিয়েছে। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ সুপার আরও বলেন, গত বুধবার নিখোঁজ এক ছাত্রীর বাবা ইসলামপুর থানায় মামলা করলে তদন্ত শুরু করে পুলিশ। সেদিনই ইসলামপুর থানার পুলিশ কল্যাণ মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় ওই তিন ছাত্রী ইসলামপুর রেলস্টেশনের দিকে যাচ্ছে। পরের দিন ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন মিয়ার নেতৃত্বে একটি দল ঢাকার কমলাপুর রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায় ওই তিনজন কমলাপুর স্টেশনের গেট দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। এ ফুটেজের সূত্র ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মুগদার মান্ডা এলাকার এক বস্তি থেকে তাদের উদ্ধার করা হয়। রাতেই তাদের সেখান থেকে উদ্ধার করে জামালপুরে আনা হয়। পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা এই কয়েক দিন তিন শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এখন তদন্ত করে দেখা হবে মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কি না।’