চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যালয়ের শৌচাগারে আটকা পড়া এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের শৌচাগারে যায় ওই বাকপ্রতিবন্ধী ছাত্রী। এমন সময় ক্লাস ছুটি হলে শৌচাগারে তালা মারতে যায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী শাহানারা আক্তার শানু। এ সময় ওই ছাত্রী ভেতর থেকে বোঝানোর চেষ্টা করলেও বাকপ্রতিবন্ধী হওয়ায় কোনো শব্দ করতে পারেনি। ভেতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও যাচাই না করেই বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায় ওই কর্মচারী। পরে রাত ১০টার দিকে এক পথচারী যুবক তার গোঙ্গানির শব্দ শুনতে পেলে তাকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী যুবক আল আমিন বলেন, বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শৌচাগার থেকে গোঙ্গানির শব্দ শুনতে পাই। পরে শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের আলো জে¦লে মানুষ দেখতে পেয়ে ভূত বলে চিৎকার দিই। এ সময় আশপাশের লোকজন এসে তালা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে।