কক্সবাজার বেড়াতে এসে ছাত্রলীগ নেতার মৃত্যু

কক্সবাজারে বেড়াতে এসে রাফসানুল হক (৩০) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে জানা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, তাদের হোটেল কক্ষ থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় সাইমুন প্রিয়াম (২৮) ও রায়হান (৩০) নামের অপর ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে টুরিস্ট পুলিশের একটি দল কক্সবাজার শহরের কলাতলীর বে ওয়ান ডাচ নামের একটি আবাসিক হোটেল থেকে অসুস্থ অবস্থায় তিন বন্ধু  আফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক বিকেলে রাফসানুল হককে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এসপি জিল্লুর আরও জানান, হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে, ওই তিন বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। তারা তিনজনই ছাত্রলীগ নেতা। গত বৃহস্পতিবার কক্সবাজার ভ্রমণে এসে ওই হোটেলে ওঠেন। তারা যে হোটেলে অবস্থান করছিল পুলিশ ওই হোটেলের কক্ষ থেকে মদের বোতল উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। ঘটনাটি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।