কক্সবাজারে দুই দিনে সাগর থেকে ৩ তরুণের মরদেহ উদ্ধার

কক্সবাজারে গত দুই দিনে সাগর থেকে তিন তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন- যশোরের নাফিক ঐশিক (২৩) ও অভ্র (২৫), কক্সবাজারের কলাতলী এলাকার মোহাম্মদ ইমন (১৮)।

শনিবার বেলা সাড়ে ১২টায় সাগরের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয় অভ্রর মরদেহ। শুক্রবার বেলা ১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মোহাম্মদ ইমনের মরদেহ উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা। ওই দিন বিকেল ৩টার দিকে সাগরের একই জায়গা থেকে উদ্ধার করা হয় নাফিক ঐশিকের মরদেহ।

যশোর থেকে বেড়াতে এসে মৃত্যুবরণকারীদের সঙ্গে আসা ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম দুই দিনে ৩ তরুণের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, তিন তরুণের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল ও আজ সকালে ২ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, যশোর থেকে বেড়াতে আসা দুজনের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। তাদের সফরসঙ্গী ৪ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো বলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।