ভোট ডাকাতের চেয়ে বড় জঙ্গি নাই: জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ভোট ডাকাতের চেয়ে বড় জঙ্গি নাই। যাদের দাঁড়ি আছে, টুপি পড়ে তাদের জঙ্গি বলি। এটা অন্যায়, ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজি বন্ধের জন্য আমাদের বুদ্ধিমান হতে হবে।’

শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের উদ্যোগে আয়োজিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ নয়: সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতাই ইসলাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নামই হলো জিহাদ। মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম। অর্ধমের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অধিকার বঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই। ভাবতে হবে আমি ন্যায়ের পক্ষে আছি।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল গণতন্ত্র, সাম্য এবং জনগণের অধিকার। মুক্তিযুদ্ধে সবই ইসলামের কথা বলেছি। মানুষের কথায় বলেছি, ন্যায়ের কথায় বলেছি। আজ আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ভূলুণ্ঠিত, সে জন্য সংগ্রামে যেতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী। বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস (পীর সাহেব), মুফতি একেএম ফারুক সিদ্দিকী প্রমুখ। সভা পরিচালনা করেন হাফেজ কারী মারুফ বিল্লাহ, সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম হেলালী।