সুনামগঞ্জ-ঢাকা সড়কে অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ

সুনামগঞ্জ-ঢাকা সিলেট সড়কের সিলেটের বাইপাস এলাকায় আন্তজেলা বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকা সড়কে ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

আগামীকাল রোববার সকাল ৬টা থেকে শুরু হবে এ কর্মসূচি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দেশ রূপান্তরকে আন্তজেলা বাস ধর্মঘটের  তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ- ঢাকা সড়কের দূরপাল্লার বাস আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকার তেমুখি স্থানে সিলেট পরিবহন সমিতির নামে বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বারবার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও জানান,এমনকি অভিযোগ দেওয়ার পর শ্রমিকদের মারপিটের ঘটনাও ঘটেছে। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য আগামীকাল সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিবহন শ্রমিকেরা।

এসব চাঁদাবাজদের বেআইনি এ দৌরাত্ম্য বন্ধ করা না হলে, স্থানীয় সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানান জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।