ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে পতাকা ও ব্যানারের পাশাপাশি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে নিরীহ চামচ। ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিরা পালানোর সময় চামচ ব্যবহারের কথা জানানোর পর এমন প্রবণতা দেখা যাচ্ছে।
গত ৬ সেপ্টেম্বর ইসরায়েলের কুখ্যাত গিলবোয়া কারাগার থেকে ছয় ফিলিস্তিন পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সুড়ঙ্গের মুখে অনেক মাটি রয়েছে। এরপরই ‘মিরাকুলাস স্পুন’ নামে একটি হ্যাশট্যাগ চালু হয়। অবশ্য ফিলিস্তিনিদের জেল পালানোর সময় চামচ দিয়েই মাটি খোঁড়ার কাজ করা হয়েছে কি না তা স্পষ্ট ছিল না। পুনরায় ইসরায়েলের হাতে বন্দি হওয়া এক ফিলিস্তিনির আইনজীবী গত বুধবার দাবি করেছেন, তার মক্কেল মাহমুদ আব্দুল্লাহ আরদাহ চামচ, প্লেট ও কেটলির হাতল দিয়ে কারাগারের সেল থেকে সুড়ঙ্গ খুঁড়েছেন।