আলোকচিত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রংপুর অফিসের আলোকচিত্রী গালজার রহমান ওরফ আদর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করা হয়েছে। গতকাল শনিবার রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুরের সাংবাদিকরা এর আয়োজন করেন।

রফিক সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন স্বপন চৌধুরী, শাহ্ বায়জিদ আহমদ, মামুন উর রশিদ, আফতাবুজ্জামান হিরু প্রমুখ।

এতে বক্তারা বলেন, সরফুদ্দিন আহমদ ঝন্টু মেয়র থাকাকালে রংপুর সিটি করপোরেশনের ওই সময়ের প্রধান প্রকৌশলী আকতার হাসন আজাদ ও নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনের বিরুদ্ধে ৩০ কোটি টাকা নয়ছয় করায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়। ওই ঘটনায় আদর রহমান ছিলেন সাক্ষী।

ওই মামলায় আদর রহমানকে গ্রেপ্তার করা হয়। বক্তারা ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত আদর রহমানের মুক্তি দাবি করেন।