স্কুল-কলেজে এখন পর্যন্ত সংক্রমণের লক্ষণ দেখা না গেলেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত যে অবস্থা তাতে নতুন করে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান দীপু মনি।
বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানিয়ে তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে।
তবুও কোনো শিক্ষার্থী বাকি থাকলে, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করে তাদের টিকার আওতায় আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী
সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, নানা কারণে অভিভাবকরা সন্তানদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করেন। এক্ষেত্রেও সবাইকে সচেতন হতে হবে।