মাতৃত্বকালীন ছুটিতে গ্রামের বাড়ি এসে প্রতিপক্ষের রাম দার কোপে গুরুতর আহত হয়েছেন সুমাইয়া খাতুন নামে এক পুলিশ সদস্য।
শনিবার সন্ধ্যার দিকে ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া খাতুন ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্মরত রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চর ভবানীপুরে ২৫ বছর ধরে জমিজমা নিয়ে আলী আকবর এবং আজিজুল হক এই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছে।
এ ঘটনায় একাধিক মামলাও চলমান রয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও আজিজুল হকরা সালিশে না বসে উল্টো রাস্তায় গাছ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আজিজুল হকরা দেশীয় অস্ত্র নিয়ে আলী আকবরের পরিবারের উপর হামলা করে।
এ সময় আলী আকবরের বোন পুলিশ সদস্য সুমাইয়া খাতুন তার শিশু সন্তানকে নিয়ে বারান্দায় বসে থাকলে তার মাথায়ও রাম দা দিয়ে কোপ দেয়। এতে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন সুমাইয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুমাইয়া খাতুন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, নারী পুলিশ সদস্য সুমাইয়া ছুটিতে এসে হামলার শিকার হয়েছে। তার অবস্থা গুরুতর। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।