জাপার ভাইস চেয়ারম্যান হলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্যান্ড তারকা শাফিন আহমেদকে।

রবিবার শাফিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এটা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। অনেক বড় দায়িত্ব। ভালো লাগছে খুবই। আমি ২০১৯ সালে এই দলে যোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় আনন্দিত হয়েছি। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলের নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর তিন উপধারা মোতাবেক আমাকে এই পদে নিয়োগ দিয়েছেন।’

ব্যান্ড তারকা শাফিন আহমেদ জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর গায়ক এবং সুরকার। দলটির হয়ে বেজ গিটারও বাজান তিনি। তিনি প্রথিতযশা সংগীত ব্যক্তিত্ব ফিরোজা বেগম ও কমল দাশগুপ্তের ছেলে।