সরকার নূরুল হুদার মতো সিইসি খুঁজছে: রিজভী

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কে এম নূরুল হুদার মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘স্বাধীন নির্বাচন কমিশন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। সরকারের মন্ত্রীদের কথা শুনলে বোঝা যায়, তারা আবারও বিনা ভোটের ও রাতের নির্বাচন করতে সিইসি নূরুল হুদার মতো আজ্ঞাবহ লোক খুঁজছে।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয়–নিরপেক্ষ সরকার প্রয়োজন বলে করে রুহুল কবির রিজভী এ জন্য দেশের সব জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে নেমে আসতে আহ্বান জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় কাছাকাছি আসায় সরকার সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব করে ভয় দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক ২০১৮ সালের নির্বাচনে বিএনপির জাতীয় ঐক্য ফ্রন্টের অধীনে নির্বাচনে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিয়া আলম, আবদুর রহিম, সাবেক এমপি মাসুদ অরুণ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।