সপ্তাহে ২ দিন করে টিকা দেওয়া হবে ইউনিয়ন পর্যায়ে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা প্রতিরোধে ‘বিশেষ টিকাদান কর্মসূচির’ আওতায় ইউনিয়ন পর্যায়ে সপ্তাহে দুদিন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে একদিন করে টিকা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করেও টিকা নেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, ‘সারাদেশে গত ৭ দিনে ১ লাখ ৯১ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার হার আগের ৭ দিনের চেয়ে ৪ দশমিক ৬৯ শতাংশ বেশি। গত ৭ দিনে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৫৮ জন এবং যেটি আগের ৭ দিনের চেয়ে ৩ হাজার ৭৫৮ জন কম।’

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মৃত্যুর সংখ্যাও কমে এসেছে। সংক্রমণ পরিস্থিতি পুরো সপ্তাহের প্রথম দুদিন ৭ শতাংশের সামান্য বেশি ছিল। তারপর থেকে ৬ শতাংশ বা তার সামান্য কিছু বেশি ছিল। সামগ্রিকভাবে গত ৩০ দিনের সংক্রমণের চিত্র এই মুহূর্তে নিম্নমুখী প্রবণতাতেই আছে।’