ক্রিস্তিয়ানো রোনালদো, জেসে লিনগার্ড ও ডেভিড দি গিয়ার নৈপুণ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে রোমাঞ্চকর এক জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।
রবিবার লন্ডন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়লেও ২-১ ব্যবধানে জয় পায় ইউনাইটেড।
৩০ মিনিটে সাইদ বেনরাহমার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। তবে পাঁচ মিনিট পরই ক্রিস্তিয়ানো রোনালদো সমতা এনে দেন দলকে। কিন্তু এরপরও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় উলে গুনার সুলশারের দল। কারণ কাঙ্ক্ষিত গোল আসছিল না।
ম্যাচের ৮৯ মিনিটে ইউনাইটেডকে স্বস্তি এনে দেওয়া গোল করেন বদলি নামা জেসে লিনগার্ড। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইনজুরি টাইমে ওয়েস্ট হ্যাম পেনাল্টি পায়। ডি-বক্সে লুক শর হতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
তবে ওয়েস্ট হ্যামের মার্ক নোবেলের নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন দি গিয়া। সুবাদে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
পঞ্চম ম্যাচে এটি চতুর্থ জয় ম্যানচেস্টার ইউনাইটেডের। সঙ্গে এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে লিভারপুল।
এদিকে প্রথম হারের স্বাদ পাওয়া ওয়েস্ট হ্যামের অবস্থান টেবিলের আট নম্বরে। ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট তাদের।