ফ্রেঞ্চ লিগে আবারও মারামারি

ফ্রেঞ্চ লিগের ম্যাচে আবারও ঘটেছে মারামারির ঘটনা। এবার মারামারিতে জড়ালেন দুই দলের সমর্থক। শনিবার লেন্স বনাম লিলের ম্যাচে খেলার বিরতিতে দুই দলের সমর্থকরা দাঙ্গা করতে করতে মাঠে ঢুকে যাওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে ৩০ মিনিট দেরি করে! এমন ম্যাচে ৭৪ মিনিটে লেন্সের হয়ে জয়সূচক গোলটি করেন পোলিশ মিডফিল্ডার ফ্রাঙ্কোভস্কি। লেন্স ১-০ গোলে হারায় লিলেকে। গেল ১৫ বছরে লিলের সঙ্গে এটি লেন্সের প্রথম জয়।

খেলাটি হয়েছে লেন্সের মাঠে। ম্যাচের প্রথম থেকেই লিলে সমর্থকদের উদ্দেশ্য করে এটা সেটা বলে যাচ্ছিলেন স্বাগতিক দর্শকরা। প্রথমার্ধের শেষ দিকে লিলে সমর্থকরাও পাল্টা জবাব দেওয়া শুরু করলে দাঙ্গা বেধে যায় গ্যালারিতে। বিরতির সময় দুই দলের সমর্থকরাই গ্যালারি থেকে মাঠে নেমে এলে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দেরি হয়। মাঠেই চলছিল ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি যখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে, নিরাপত্তা বাহিনী এসে দাঙ্গার লাগাম টেনে ধরে। গত ২২ আগস্ট লিগ ওয়ানে নিস ও মার্শেই ম্যাচেও দর্শক-হাঙ্গামা হয়। সেই ম্যাচটি অবশ্য আর শুরুই হতে পারেনি। আগামী ২৭ অক্টোবর নিস-মার্শেই ম্যাচটি নতুন করে অনুষ্ঠিত হবে।