রাবি উপাচার্য বললেন

ছাত্রদের হল খোলা নিয়ে আগ্রহ, টিকা নিয়ে নেই

ছাত্রদের হল খোলা নিয়ে যত আগ্রহ, টিকা নিয়ে তত আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু। তিনি বলেছেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি কত দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের সুরক্ষা নিশ্চিত করে ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দিতে পারি। ক্যাম্পাস খোলার বিষয়ে ইতিমধ্যে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় একাধিক মিটিং করেছে। আমরা সেখানে দেখেছি ছাত্রদের যতটা হল খোলার বিষয়ে আগ্রহ রয়েছে, ততটা আগ্রহ নেই টিকা নেওয়ার বিষয়ে।’

গতকাল রবিবার ক্যাম্পাস ও আবাসিক হল কবে নাগাদ খুলে দেওয়া হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস ও আবাসিক হল খোলার দাবিতে গতকাল বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে।

উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ক্যাম্পাসের পঞ্চাশ শতাংশের কম শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে। সে ক্ষেত্রে সরকার আমাদের নির্দেশনা দিয়েছে কমপক্ষে ৭০ থেকে ৮০ শতাংশ শিক্ষার্থী টিকা গ্রহণ না করলে ক্যাম্পাস ও আবাসিক হল না খুলে দেওয়া যাবে না। তবে সে ক্ষেত্রে সরকার এ মাসের ২৮ তারিখ পর্যন্ত বিষয়গুলোর দেখভাল করবে।