অবৈধভাবে গ্যাস সরবরাহ চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সরবরাহ করে ভ্রাম্যমাণ কাভার্ড ভ্যানে বিক্রি করে এমন চক্রের ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল রবিবার ফেনী সদরের দেবীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় ৬০২টি সিলিন্ডারসহ পাঁচটি কাভার্ড ভ্যান।

গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেপ্তাররা হলো ফেনী সদরের উত্তর শর্শদী খানেরবাড়ি গ্রামের আবু তাহের, ছাগলনাইয়ার পশ্চিম সবু গ্রামের সাইদুর রহমান, আধার মানিক গ্রামের সাইদুল ইসলাম রনি, লক্ষ্মীপুর গ্রামের গোপী, হরি গ্রামের শিবু, যাদব কুমার দাস, লক্ষ্মীপুরের রামগতির শিক্ষাগ্রাম গ্রামের মো. হামীমসহ ১৭ জন।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, চক্রটি মূলত সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার ছাড়া মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে। এরপর তা অবৈধভাবে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে। বিশেষ করে যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই, সেসব এলাকার বিভিন্ন কারখানায় এ গ্যাস চড়ামূল্যে বিক্রি করত তারা।