ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় রাজস্ব কর্মকর্তা নিহত

দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে তার এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহি হরিদাশ আহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনটি ঘটে। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। সৈয়দপুরে তার পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় ও কাস্টম সূত্রে জানা গেছে, ছেলে অসুস্থ থাকায় শনিবার সন্ধ্যায় কাজ শেষে হিলি স্থল শুল্ক স্টেশন থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন। এ সময় তার সঙ্গে একই মোটরসাইকেলে সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহি হরিদাশ রওনা হন। পথে ফুলবাড়ী রেলগেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহাদৎ হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করে সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহি হরিদাশকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান তার সহকর্মী শাহাদৎ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভারে প্রাইভেট কারসহ নদীতে ডুবে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু : সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে ডুবে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম ভোলা দাস। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুজনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনির হোসেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া সড়কের মরাগাং এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। ভোলা দাস আশুলিয়ার জিরাবো এলাকায় থেকে স্বর্ণের ব্যবসা করতেন বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৈয়দ মনির হোসেন জানান, প্রাইভেট কারটি তিনজন যাত্রী নিয়ে ঢাকা থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। একপর্যায়ে তারা টঙ্গী-আশুলিয়া সড়কের মরাগাং এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এ সময় ভেতরে থাকা দুজন বের হতে পারলেও একজন আটকা পড়ে। খবর পেয়ে আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, পানিতে তলিয়ে যাওয়া প্রাইভেট কারের আহত দুই যাত্রীকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানির নিচে থাকা প্রাইভেট কারটি উদ্ধারের চেষ্টা চলছে।