ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এখনো অনেকটা সময় থাকলেও দল প্রায় গুছিয়ে ফেলেছে বড় ক্লাবগুলো। সবার আগে শক্তিশালী ও অভিজ্ঞ দল গড়েছে মোহামেডান। জানাই ছিল এবার অভিজ্ঞতায় না হেঁটে তারুণ্য নির্ভর দল করবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। সব কিছু ঠিক থাকলেও কাগজে-কলমে আটকে ছিল আগামী মৌসুমের জন্য নতুন তিন ক্রিকেটারের চুক্তি। সেটাও সম্পন্ন হয়েছে বলে জানান আবাহনীর ক্রিকেট দলের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন মাসুম। গত আসরের প্রায় পুরো দলটাই আছে বলে জানান তিনি। শুধু আনুষ্ঠানিকভাবে যোগ হয়েছেন শামীম পাটওয়ারী, কামরুল ইসলাম রাব্বি ও তানভীর ইসলাম।
গত আসরে প্রাইম দোলেশ্বরে খেলেছেন অভিজ্ঞ পেসার কামরুল ইসলাম রাব্বি ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শামীম হোসেন পাটওয়ারী। দুজনে এবার যোগ দিয়েছেন ডিপিএলে ২১ বার এবং টানা তিনবারের শিরোপা জয়ী আবাহনীতে। আর শাইনপুকুর থেকে যোগ দিয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এছাড়া গতবার শাইনপুকুরের অধিনায়ক তৌহিদ হৃদয় ও ওল্ড ডিওএইচএসে খেলা অপর যুব বিশ্বকাপজয়ী মাহমুদুল হাসানও প্রায় চূড়ান্ত আবাহনীতে। গত আসরের আবাহনী থেকে কেবল নাঈম শেখ লেজেন্ডস অব রূপগঞ্জ এবং মুশফিকুর রহিম মোহামেডানে পাড়ি জমান। এ দুজন ছাড়া জাতীয় দলে নিয়মিত খেলা লিটন দাশ, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্তর সঙ্গে মুনিম শাহরিয়ার, শহিদুল ইসলাম, আরাফাত সানি, মেহেদী হাসান রানা ও তানজিম হাসান সাকিব ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলবেন বলে জানান মামুন।
দলে বেশিরভাগই তরুণ ক্রিকেটার এবং মুশফিকুর রহিম না থাকায় আবাহনী নেতৃত্ব শূন্য হয়নি বলে জানান ম্যানেজার মামুন। নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন আরও আগে থেকেই ক্লাব ক্রিকেটে বা বয়সভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্ব করছেন। সামনের মৌসুমে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এ দুজনের কাউকেই দেওয়া হবে নেতৃত্ব।