দেড় বছর পর দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু

দেড় বছর পর চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে যাত্রীদের আসা-যাওয়া শুরু হয়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল আলিম জানান, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে গেছেন ৩৫ জন। তারা সবাই বাংলাদেশি। এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন ৯৮ জন। যাদের মধ্যে ৯২ জন বাংলাদেশি ও ৬ জন ভারতীয়।

তিনি আরও জানান, রবিবার সকাল থেকে দর্শনা চেকপোস্টের সব কার্যক্রম শুরু হয়েছে। দেড় বছর পর এই চেকপোস্ট দিয়ে পুনরায় যাত্রী আসা-যাওয়া শুরু হলো। প্রসঙ্গত, এর আগে করোনা মহামারীর কারণে গত বছর ১৪ মার্চ দর্শনা চেকপোস্টের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের ১৭ মে ভারতে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সীমিত পরিসরে দর্শনা  চেকপোস্টের কার্যক্রম শুরু করা হয়।