মিল্টন শাম্বার ২৯ বলে অপরাজিত ৬৬ রানের সুবাদে স্কটল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। সেই সঙ্গে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে।
আগের দুই ম্যাচে সিরিজ সমতায় ছিল ১-১ ব্যবধানে। সিরিজ নির্ধারণী ম্যাচে এডিনবার্গে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৭ রান করে স্কটল্যান্ড। স্কটিশরা লড়াকু পুঁজি পায় জর্জ মুনসের ঝোড়ো ব্যাটে ভর করে। ৩০ বলে ৮ চার ও ৩ ছয়ে ৫৪ রান করেন এই ওপেনার।
এ ছাড়া রিচি বেরিংটনের ৩৯ বলে ৪৪ ও অপরাজিত ব্যাটসম্যান কালাম ম্যাকলিওডের ২৯ বলে ৩৯ দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। শেষদিকে ৫ বলে ২ ছয়ে ১৭ রানের ক্যামিও উপহার দেন আরেক অপরাজিত ব্যাটসম্যান মাইকেল লিস্ক। বল হাতেও স্কটিশদের সফল বোলার তিনি। ৩ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
কিন্তু তারপরও স্কটল্যান্ডকে জেতাতে পারেননি লিস্ক। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
উইকেটরক্ষক রেগিস চাকাবা (২৫) ও অধিনায়ক ক্রেইগ আরভিন (২৫) ভালো শুরু এনে দেন দলকে। দুজনের ৬০ রানের ওপেনিং জুটি ভাঙেন লিস্ক। দলের রান ৬০ থাকতেেই বিদায় নেন চাকাবা ও আরভিন। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই নিজের দ্বিতীয় শিকার হিসেবে শন উইলিয়ামসকে (১) বোল্ড করেন লিস্ক। ১২ ওভারে ৭৪ রানে টপ-অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে।
সেখান থেকে ওয়েসলি মাধেভেরের সঙ্গে বড় জুটি গড়ে খাদের কিনার থেকে ম্যাচ বের করে নিয়ে আসেন শাম্বা। চতুর্থ উইকেটে ৫২ বলে ৯৮ রানের জুটি গড়েন দুজনে। দলীয় ১৬২ রানে মাধেভেরে ৩১ বলে ৪৩ রান করে রানআউটের শিকার হলেও দলকে বিপদে পড়তে দেননি শাম্বা। রায়ান বার্লকে (৬*) নিয়ে জয়ের বাকি কাজ সারেন তিনি। ২৯ বলে ২ চার ও ৬ ছয়ে ৬৬ রানে অপরাজিত থাকেন ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
তার মধ্যে ইনিংসের ১৭তম ওভার করতে আসা অ্যালাসডেয়ার ইভান্সকে টানা তিনটি ছক্কা হাঁকান শাম্বা। ওই ওভার থেকে ২৫ রান নিয়ে জিম্বাবুয়ের জয়ের রাস্তা প্রশস্ত করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড: ১৭৭/৪ (২০ ওভার): মুনসে ৫৪; জংওয়ে ২/৩২
জিম্বাবুয়ে: ১৮০/৪ (১৯.১ ওভার): শাম্বা ৬৬*; লিস্ক ২/২২
জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী।