রাজধানীতে পৃথক দুর্ঘটনায় খিলক্ষেতে লাভলু মৃধা (২২) ও কদমতলীতে ইমন শেখ (২৪) নামে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ৩টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ভাঙ্গা উপজেলার খাটারা গ্রামের মৃত ইউসুফ মৃধার ছেলে লাভলু। তিনি খিলক্ষেত তিন শ ফিট নিলা মার্কেট এলাকায় থাকতেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী আনিসুর রহমান জানান, লাভলু দিনমজুর হিসেবে নিলা মার্কেট এলাকায় প্রজেক্টের কাজ করত। বেলা সাড়ে ১২ টার দিকে মিক্সার মেশিন চালু করতে গিয়ে আঘাত লেগে নিচে পড়ে যায় সে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইমনকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রবিউল ইসলাম জানান, মাগুরার শ্রীপুর উপজেলার আতিয়ার শেখের ছেলে ইমন শেখ। কদমতলী আলীবহর এলাকার একটি অনলাইন প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ানের কাজ করত সে।
তিনি বলেন, দুপুরে ৬তলা ভবনের নিচতলার অফিসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের ধারণা সে ইলেকট্রিকের কাজ করার সময় সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।