হাটিকুমরুল থানার ওসিসহ ৪ পুলিশকে স্ট্যান্ড রিলিজ

বগুড়া হাইওয়ে বিভাগের অন্তর্ভুক্ত সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

তারা হলেন- হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী,এসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল আজম ও কনস্টেবল রুহুল আমিন।

সোমবার বগুড়া হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তব্যে অবহেলা, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই রফিকুল ইসলাম বলেন, স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কি-না তা জানি না। তবে বদলি করা হয়েছে বলে শুনেছি।

জানা গেছে, ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগ দিয়েছিলেন।