বিশ্বে নিরাপদ এমন ৬০টি শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৫৪তম।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, তালিকায় পিছিয়ে থাকলেও পূর্বের তুলনায় দুই ধাপ উন্নতি হয়েছে ঢাকার। ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, ব্যক্তিগত ও পরিবেশগত সুরক্ষা এই পাঁচটি সূচক ধরে নিরাপদ শহরের তালিকাটি করা হয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, পাঁচটি সুচকে গড়ে ৪৮ দশমিক ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা। এর মধ্যে অবকাঠামো ৪৯ দশমিক ৬, ডিজিটাল নিরাপত্তা ৩৯, ব্যক্তিগত সুরক্ষা ৪৬ দশমিক ৬, স্বাস্থ্য সুরক্ষা ৫০ দশমিক ৯ এবং পরিবেশগত সুরক্ষা ৫৮ দশমিক ২ পয়েন্ট পেয়েছে।
দুই বছর অন্তর বিশ্বের নিরাপদ শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। সর্বশেষ ২০১৯ সালের তালিকায় ৫৬তম অবস্থানে ছিল ঢাকা। এর আগে ২০১৭ সালে ঢাকা ছিল ৫৮তম অবস্থানে। তবে ২০১৫ সালে ৫০টি শহরকে নিয়ে তালিকা করায় সেবার ঢাকার নামই ছিল না।
এই সূচকে সাম্প্রতিক বছরগুলোতে আধিপত্য ছিল এশিয়ার। জাপানের টোকিও এবং ওসাকা ছাড়াও নগররাষ্ট্র সিঙ্গাপুর ছিল তালিকার শীর্ষে। কিন্তু এবার ৮২ দশমিক ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি দখল করেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। গড়ে ৮২ দশমিক ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কানাডার টরন্টো। অথচ ২০১৯ সালের সূচকে কোপেনহেগেন ছিল অষ্টম স্থানে। পরিবেশগত সুরক্ষায় এগিয়ে থাকায় সূচকে শহরটির এ উল্লম্ফন। পাঁচটি সূচকের মধ্যে অবকাঠামো ৮৯, ডিজিটাল নিরাপত্তা ৮২ দশমিক ২, ব্যক্তিগত সুরক্ষা ৮৬ দশমিক ৪, স্বাস্থ্য সুরক্ষা ৭০ এবং পরিবেশগত সুরক্ষায় কোপেনহেগেন পেয়েছে ৮৪ দশমিক ৫ পয়েন্ট।
৮০ দশমিক ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনি চতুর্থ স্থানে এবং জাপানের টোকিও রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডসের আমস্টারডাম ও নিউজিল্যান্ডের ওয়েলিংটন। হংকং অষ্টম এবং নবম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দশম স্থানটি সুইডেনের স্টকহোমের।