কর্তৃপক্ষ তৈরির নির্দেশনা চেয়ে রিট

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর তদারকি করতে একটি ‘ই-কমার্স রেগুলেটরি অথরিটি’ গঠনের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম বাঁধন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।

তিনি জানান, বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে আবেদনটি করা হয়েছে। কার্যতালিকায় এলে এ বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে। আবেদনে বাণিজ্য সচিব, অর্থ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবেদনের বরাতে রিট আবেদনকারী আইনজীবী বলেন, ই-কমার্স বাণিজ্য তদারকি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি রেগুলেটরি অথরিটি তৈরি করতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একটি রেগুলেটরি অথরিটি তৈরি করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে।

গত রবিবার একটি রিট মামলার শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বধীন হাইকোর্ট বেঞ্চ আইনজীবীদের উদ্দেশ্যে ই-কমার্স প্রসঙ্গটি তোলেন।