রোমাঞ্চকর জয়ে শীর্ষে রিয়াল

লা লিগায় রবিবার রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। ভ্যালেন্সিয়ার মাঠে গোল হজম করে পিছিয়ে পড়েছিল রিয়াল। পরে ভিনিসিয়ুস জুনিয়র দলকে সমতায় ফেরান। করিম বেনজেমা করেন জয়সূচক গোলটি। লিগে ভ্যালেন্সিয়ার মাঠে তিন ম্যাচ পর জিতল রিয়াল। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্টে লিগ টেবিলের শীর্ষে ফিরল কার্লো আনচেলত্তির দল।

মোস্তায়া স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দুই দল মোট তিনটি পরিবর্তন আনতে বাধ্য হয়। ইনজুরির কারণে দলের অধিনায়ক কার্লোস সলের এবং ডিফেন্ডার তনি লাতোকে হারায় ভ্যালেন্সিয়া। রিয়ালে দানি কারভাহালের বদলে নামেন লুকাস ভাসকেস। ম্যাচের ৬৫ মিনিটে ভাসকেসের ভুলে বল পান দুরো। গোল করে দলকে লিড এনে দেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। ৮৬ ভিনিসিয়ুসের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। চলতি লিগে এটি ভিনির পঞ্চম গোল। দুই মিনিট পরই ভিনির ক্রস থেকে লাফিয়ে হেড করার চেষ্টা করেন বেনজেমা। মাথা ছোঁয়াতে না পারলেও তার কাঁধে লেগে বল জালে জড়ায়। বেনজেমার লিগে ৫ ম্যাচে গোল ৬।

আথলেতিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। এই জয়ে মোট ১৩ পয়েন্টে শীর্ষে ফিরল রিয়াল।