করোনার টিকা বাসায় নিয়ে যেতে না দেওয়ায় শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্ট (এমটিইপিআই) চেয়ার দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ওই কার্যালয়ের স্টোর কিপার। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্টের কক্ষে এই হামলার ঘটনা ঘটে।
আহত এমটিইপিআই মো. আমির হোসেন (৩৬) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামের মৃত নুর মোহাম্মদ মাদবরের ছেলে।
হামলাকারী স্টোর কিপার সিয়াম জাহান কালু (৩১) চিতলীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা।
আহত আমির হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালু দুপুরে হঠাৎ আমির হোসেনের অফিস কক্ষে যায়। তখন কালু আত্মীয়র জন্য করোনা টিকা বাসায় নিবে বলে আমিরের কাছে টিকা চায়। টিকা দিতে অস্বীকার করলে আমিরকে চেয়ার দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে থাকে কালু। আমিরের মাথায় আঘাত লাগলে মাথা ফেটে রক্ত পড়া শুরু হয়। তখন তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে অভিযুক্ত স্টোর কিপার সিয়াম জাহান কালুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমি বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আমি হাসপাতালে আমিরকে দেখতে গিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।