করোনা পজিটিভ দিয়া, খেলা হচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়নশিপে

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। মঙ্গলবারই শুরু হচ্ছে প্রতিযোগিতা। তবে তীর-ধনুকের লড়াই শুরুর দিন বাংলাদেশ পেল বড় দুঃসংবাদ। করোনা আক্রান্ত হওয়ায় আসরে অংশ নেওয়া হচ্ছে না দিয়া সিদ্দিকীর।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ আর্চারি ফেডারেশন জানায়, ‘ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২১ এ অংশ গ্রহণকারী বাংলাদেশ আর্চারি দলের সবার কোভিড-১৯ টেস্ট করা হয়। তাদের মধ্যে দিয়া সিদ্দিকী কোভিড-১৯ পজিটিভ হওয়ায় খেলায় অংশ গ্রহণ করতে পারছেন না।’

বিবৃতিতে বলা হয়, দিয়া সিদ্দিকী এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। দলের বাকিরা সুস্থ আছেন।

যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটনের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে দিয়াসহ বাংলাদেশের মোট ৬ আর্চার খেলতে গিয়েছেন। অন্যরা হলেন রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল, বিউটি রায় ও অসীম কুমার দাস। এদের মধ্যে একমাত্র অসীম কম্পাউন্ড আর্চার। অন্যরা রিকার্ভ আর্চার।

মঙ্গলবার বাংলাদেশ দলের বাকি আর্চাররা কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেবেন। এদিন দিয়ার খেলার কথা ছিল মেয়েদের রিকার্ভ এককে।

গত মে-তে সুইজারল্যান্ডে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টু-তে রোমান সানাকে সঙ্গী করে রিকার্ভ মিশ্র দ্বৈতে রুপা জিতেছিলেন দিয়া। আর্চারির বিশ্ব মঞ্চে যা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য।