কিশোরগঞ্জে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী

কিশোরগঞ্জে ৫ম শ্রেণির এক শিশুকে ধর্ষণ করেছে তারই খালাতো ভাই মাহমুদুল হাসান সাগর। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের রেস্ট হাউজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার শিশুটির ভাই বাদী হয়ে রেলওয়ে থানায় সাগরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

অভিযুক্ত সাগর জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে স্টেশন এলাকার বাসা থেকে রেলওয়ে স্টেশনের ভিআইপি রেস্ট হাউসে নিয়ে যায় সাগর। পরে সেখানে দরজা বন্ধ করে রেস্ট হাউজের টয়লেটে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে জিআরপি থানা-পুলিশ ও স্টেশনের লোকজন দরজা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ সময় সাগর জানালা দিয়ে পালিয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জয়নাল মিয়া জানান, লোকজনের হইচই শুনে ঘটনা জানতে পারি। সিসিটিভি ফুটেজে শিশুটিকে রেস্ট হাউজে নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জিআরপি থানার ওসি মো. এমদাদুল হক জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আশা করছি শিগগিরই আসামিকে গ্রেপ্তারে সক্ষম হবো।