ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) যশোরের আদালতে ব্যাংকের চেক ডিজঅনারের একটি মামলা হয়েছে। চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান এই মামলাটি করেছেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলায় তরফদার মো. মোশাহেদুর রহমান উল্লেখ করেছেন, আসামি মোহাম্মদ রাসেল একজন প্রতারক। তিনি তার কাছে ১লাখ ৭৭ হাজার টাকা পেতেন। বারবার তাগাদা দেওয়ার পর আসামি তাকে গত ১১ জুলাই মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে তার কোম্পানি ইভ্যালি ডটকম লিমিটেডের হিসাব নম্বরের ১ লাখ ৭৭ হাজার টাকার একটি চেক প্রদান করেন। বাংলাদেশের যে কোনো ব্যাংকের শাখা কার্যালয় থেকে টাকা উত্তোলন করা যাবে বলে উল্লেখ করা হয়।
তরফদার মো. মোশাহেদুর রহমান টাকা উত্তোলনের জন্য গত ২৫ জুলাই ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখায় জমা দেন। ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে গত ২৭ জুলাই তাকে ফেরত দেয়। ফলে তিনি আইনজীবীর মাধ্যমে ১২ আগস্ট আসামিকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু নোটিশ পাওয়ার পরও আসামি তাকে পাওনা ১ লাখ ৭৭ হাজার টাকা পরিশোধ করেননি। এ কারণে তিনি আদালতে মামলা করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম চঞ্চল টাকা পরিশোধের পরও মোটরসাইকেল ডেলিভারি না দেওয়ায় ইভ্যালির সিও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।