কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফল পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী মুরাদ।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ‘মোটরসাইকেল’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিসহ মোট ১১ প্রার্থী অংশগ্রহণ করি। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারগণ কেন্দ্রভিত্তিক যে ফলাফল ঘোষণা করেন, তাতে আমি ‘মোটরসাইকেল’ প্রতীকে ১১ কেন্দ্রে ৫৯০১ ভোট পেয়ে নির্বাচিত হই। আমার নিকটতম হিসেবে ‘জোড়া পাতা’ প্রতীক ভোট পায় ৫৮২৭। ভোটের এ ফলাফল জেলা পুলিশের বিশেষ শাখাসহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। কিন্তু উপজেলা রিটার্নিং অফিসার সোমবার রাত ২টায় যে ফলাফল ঘোষণা করেন তাতে ‘জোড়া পাতা’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মির কাশেমকে চেয়ারম্যান হিসেবে জয়ী দেখানো হয়।
তিনি অভিযোগ তোলেন, উপজেলা রিটার্নিং অফিসার ও ও প্রিসাইডিং অফিসার ষড়যন্ত্রমূলকভাবে কতিপয় ক্ষমতাসীন মহলের যোগসাজশে আমার নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছেন। যা অবৈধ ও বেআইনি। এ ব্যাপারে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের কাছে আমি লিখিতভাবে আবেদন করেছি।
ওয়াজেদ আলী মুরাদ মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি সতন্ত্র প্রার্থী হন।