টাকা দিয়েও এসি না পাওয়ায় ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকের আরও একটি মামলা

অর্থ পরিশোধ করেও এসি না পাওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মুজাহিদুর রহমান মামলাটি করেন।

মামলায় তিনি ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আসামি করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, “আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।”

আরজিতে মুজাহিদ বলেন, ইভ্যালিতে ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি এবং ২৩ হাজার টাকা মূল্যের একটি কাঠের টি টেবিল অর্ডার করেছিলেন তিনি। গত বছরের ১১ জুলাই এসি বাবদ ৮৫ হাজার এবং ২২ জুলাই টেবিল বাবদ ২৩ হাজার টাকা ইভ্যালিতে পাঠান।

পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করার প্রতিশ্রুতি ইভ্যালি  দিলেও নির্দিষ্ট সময় পরও তা না পেয়ে রাসেলকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন মুজাহিদুর।

এরপর ইভ্যালি টেবিলের জন্য নেওয়া টাকা ফেরত দিলেও এসির টাকা আর ফেরত দেয়নি বলে জানান তিনি।

মুজাহিদুর বলেন, গত ২৫ মে ইভ্যালির পক্ষ থেকে জানানো হয়, এসি ডেলিভারি দেওয়া হয়েছে। কিন্তু সেই এসি তিনি পাননি। আর অর্থও তিনি ফেরত পাননি।