সমগ্র দেশটাই বন্দীশালায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা দেশকে এক ভয়াবহ অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে।’

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সমগ্র দেশটাই এখন বন্দীশালায় পরিণত হয়েছে। করোনা মহামারির সময়েও বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের ও কারাগারে বন্দী করে রাখার ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এরই অংশ হিসেবে ছাত্রদল, ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্যসচিব পারভেজ হোসেন পাভেল মোল্লা এবং বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় পুলিশি হামলার পর সাংগঠনিক সম্পাদক মো. রণি ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আলী জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল নেতা আফজালকে গ্রেপ্তার করা হয়েছে। থানা বিএনপির সদস্যসচিব মনির হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৩৫ নেতা–কর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করেছে। এছাড়া নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা বানচাল করে দেয়া বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিটি মুহূর্ত আতঙ্কে রয়েছে বলেই বিরোধী দলের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে সরকার এখন বেপরোয়া হয়ে উঠেছে। দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে।’