ঢাকার দোহারে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বরের বাবা মো. মোশারফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকায় এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকার মোশারফ হোসেনের ছেলের (২১) সঙ্গে পাশের এলাকা শিলাকোঠা গ্রামের ১৩ বছরের এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ১৪ দিন আগে ছেলে ও মেয়ে পালিয়ে যায়। পরে বরের বাবা মোশারফ হোসেন মেয়ের পরিবারকে না জানিয়ে তাদের বিয়ে দেন। খবর পেয়ে বুধবার সকালে বর ও কনের বাবাকে হাজির করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। বাল্যবিবাহ ও এই কাজে সহায়তা করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে বরের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, খবর পেয়ে আমরা বর ও কনের দুই পরিবারকে হাজির করি। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে একজনকে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, সরকারি আইন ভঙ্গ করে কেউ যদি এই ধরনের অপরাধ করে থাকে তাহলে বাল্যবিবাহের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে নজরদারি রাখবে।