ইরানের বিপক্ষেও বড় হার সাবিনাদের

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বুধবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলে হার মানে সাবিনা-কৃষ্ণারা। ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও একই ব্যবধানে হেরেছিল গোলাম রব্বানী ছোটনের দল।

দুই ম্যাচের দুটিতেই হেরে শূন্য হাতেই এখন দেশের বিমান ধরার অপেক্ষায় মেয়েরা।

প্রতিপক্ষ দুটি দলই ছিল বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। ফিফা র‌্যাঙ্কিং জর্ডান ছিল বাংলাদেশের চেয়ে ৭৪ ধাপ এগিয়ে। ইরান আছে ৬৫ ধাপ এগিয়ে। র‌্যাঙ্কিংয়ের এই পার্থক্যটা আসরে ভালোভাবেই টের পেয়েছে ১৩৭তম স্থানে থাকা বাংলাদেশ নারী ফুটবল দল।

এদিন প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হজম করে আরো দুই গোল।

ইরানের পক্ষে জোড়া গোল করেছেন বেহেনাজ তাহেরখানি। একটি করে গোল করেন মেলিকা মোতেভাল্লি, গুলনুস খোশরাভি ও হাজার দাব্বাঘি।

এবারের আসরের আগে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সবশেষ খেলেছিল ২০১৪ সালে। সেবার তিন ম্যাচে হজম করেছিল ১৫ গোল।

থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের বিপক্ষে হেরেছিল ৪-০ গোলে। গ্রুপের তলানিতে থেকে শেষ করতে হয়েছিল আসর।

২০১৮ সালের আসরে অংশই নেয়নি বাংলাদেশ। এবার অংশ নিলেও দুই ম্যাচে ১০ গোল হজম করে গ্রুপের তলানিতে থেকেই আসর শেষ করতে হলো মেয়েদের।