ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতার দাবি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘অপপ্রচার-অপরাজনীতি সত্ত্বেও সকলের ঐকবদ্ধ প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি।’ গতকাল বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্র্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
তাপস বলেন, ‘২০১৯ সালকে আমরা আমাদের সবচেয়ে খারাপ সময় হিসেবে বিবেচনা করি। ২০১৯ সালকে বিবেচনায় রেখে আমরা কর্মপরিকল্পনা সাজিয়েছি, কাজ করছি। ফলে এ বছর অনেক অপপ্রচার, অপরাজনীতি, কূটকৌশল, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন চক্র থাকা সত্ত্বেও আজ অবধি আমাদের ১ হাজার ৫০ জন মশককর্মী ও কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মশক শাখার কর্মকর্তাসহ সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এ জন্য ২০১৯ সালের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০ ভাগ থেকে আমরা ১০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।’