মেডিকেল টেকনোলজিস্ট

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মে জড়িতদের কঠোর শাস্তি দাবি

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০ বাস্তবায়ন কমিটির’ আন্দোলন উপকমিটি। একই সঙ্গে এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে আন্দোলন উপকমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমার বলেন, ‘যেসব অভিযোগের কথা বলে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপারিশ করা হয়েছে তা সত্যি দুঃখজনক। লিখিত পরীক্ষায় অস্পষ্টতার বিষয়টি মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে কর্র্তৃপক্ষের দৃষ্টিগোচর হলেও তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল বা স্থগিত ঘোষণা না করে দীর্ঘ ৭ মাসের বেশি সময় আমাদের মানসিক চাপে রাখার পর সর্বশেষ তা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে প্রমাণিত হলো স্বাস্থ্য বিভাগের সিন্ডিকেটের কাছে আমরা সাধারণরা জিম্মি। ধারণা করা যাচ্ছে যে, সিন্ডিকেটের ভাগবাটোয়ারা ঠিকঠাক না হওয়া এ নিয়োগ বাতিলের অন্যতম কারণ।’