জনপ্রতিনিধি নির্বাচনে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।
বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা ও স্বাস্থ্য প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
এতে আইনমন্ত্রী বলেন, ‘রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেজন্য আমরা নির্বাচন করব। আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এটাই শেখ হাসিনা সরকারের মূলমন্ত্র।’
জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। যারা যে পদে প্রার্থী হতে চান, প্রার্থী হবেন।’
আনিসুল হক আরও বলেন, ‘দু’টি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১৭ বছরের সাজা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা মানবিক কারণে দুটি শর্তে ওনাকে মুক্তি দিয়েছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া কডিভ-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বিএনপি নেতারা ওনাকে বিদেশে যেতে দেওয়ার জন্য বলতে থাকেন। উনি দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু এখনো বলছেন, বিদেশে যেতে দিতে হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘জনগণ চাইলে ওনাকে (খালেদা জিয়া) বিদেশ যেতে দেওয়া হবে। বাংলাদেশে চিকিৎসা নিয়ে যদি মানুষ হয়, তাহলে বিদেশ যাওয়ার কী দরকার?’
জনসভায় আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৩৮টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
এ সময় বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিএনপির নেতারা এয়ার কন্ডিশন ঘরে বসে অভিযোগ করে- সরকার এটা করে নাই, ওটা করে নাই, সেটা করে নাই। তারা জনগণের সামনে এসে বলে না। সেখানে জনগণ থাকে না।’
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, কসবা উপজেলা চেয়ারম্যান রাসেদুল কাওছার ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।
জনসভা সঞ্চালনা করেন যুবলীগের নেতা মনির হোসেন ও সমীর চক্রবর্তী।