পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া নদীর জোয়ারের পানির প্রবল স্রোতের চাপে পাউবো’র ওয়াপদা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার ৫ গ্রামের মানুষ।
উপজেলার দক্ষিণ মুরাদিয়ার কলবাড়ি বাজার থেকে ভক্তপাড়া সড়কের ভূঁইয়াবাড়ি সংলগ্ন এলাকায় প্রায় ২০-৩০ ফুট পাকা রাস্তা ভেঙে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পাউবো’র ওয়াপদা বেড়িবাঁধের নিচ দিয়ে নিয়মিত পানি ওঠানামায় আস্তে আস্তে মাটি সড়ে গিয়ে বিশাল সুড়ঙ্গ সৃষ্টি করে এবং ওই সুড়ঙ্গস্থলের পাকা সড়কটি আড়াআড়ি ভেঙে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, যথাসময়ে মেরামতের উদ্যোগ না নেওয়ায় সড়কটি ভেঙে পড়ায় দক্ষিণ মুরাদিয়ার অন্তত ৫ গ্রামের বাসিন্দাসহ সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়েছে।
বর্তমানে দক্ষিণ মুরাদিয়ার ভক্তপাড়া-বোর্ড অফিস, চরগরবদি লঞ্চঘাট ও উপজেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এসব রুটে চলাচলকারী মাহেন্দ্র, অটো-রিকশা, রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধে জনদুর্ভোগ বেড়েই চলছে।
দক্ষিণ মুরাদিয়ার বাসিন্দা সাবেক স্কুলশিক্ষক আবদুল কাদের ভূঁইয়া অভিযোগ করেন, পাউবো’র ওয়াপদা বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বর ব্যক্তিবর্গের অবহেলার কারণে আজ সড়কটি ভেঙে যানচলাচল বিচ্ছিন্ন হয়েছে। যথাসময়ে মেরামত করা হলে এমন দুর্ভোগে পড়তে হতো না।
একই এলাকার বাসিন্দা মো. হানিফ নেঘাবান বলেন, পাকা সড়ক ভেঙে যাওয়ায় এ রুটের যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষিজীবী সাধারণ মানুষ চাল, ডালসহ নিত্যপণ্য বাজারে আনা-নেয়া করতে পারছে না। কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া যাচ্ছে না।
‘যাতায়াত দুর্ভোগের পাশাপাশি জোয়ারের স্রোতে পুরো এলাকা প্লাবিত হয়ে ফসল নষ্টের উপক্রম হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙা সড়কটি মেরামত করা একান্ত আবশ্যক।’
ভক্তপাড়ার ব্যবসায়ী বাবুলালের অভিযোগ, সাপ্তাহিক হাট-বাজার, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সড়ক পথে দ্রুত যাতায়াতের পথটি বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, সড়কটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে পাউবো কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি। তারা যত দ্রুত সম্ভব সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন।
উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, স্থানীয় ইউপি সদস্যকে মাটি ভরাটের দায়িত্ব দেয়া হয়েছে। মাটি ভরাট সম্পন্ন হলে ভাঙনের পাকা অংশ মেরামত করা হবে।
পটুয়াখালী পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম সালেহীন বলেন, পাউবোর অনুমোদন ক্রমেই ওয়াপদা বেড়িবাঁধের ওপর এলজিইডি সড়কটি নির্মাণ করেছে। তাই ওই সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের।