রাজধানীতে ৪০ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুগদা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা-পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. কামাল, মোসাম্মৎ রহিমা কামাল ও মো. রাজিব।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, কতিপয় মাদক ব্যবসায়ী উত্তর মান্ডা এলাকায় ইয়াবা কেনা-বেচা করছে- এমন তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে থানা এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশের একটি টিম উত্তর মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে কামাল, রহিমা ও রাজিবকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে  ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মুগদা থানার মামলায় গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদের নির্দেশনায় এডিসি সবুজবাগ মো. আকতারুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।