টানা ছয় প্রদর্শনী নিয়ে আসছে ‘সোহোতে মার্ক্স’

ঢাকার মঞ্চে আসছে হাওয়ার্ড জিনের বিখ্যাত নাটক ‘মার্ক্স ইন সোহো’ অবলম্বনে ‘সোহোতে মার্ক্স’। জাভেদ হুসেনের অনুবাদ থেকে নির্দেশনা দিচ্ছেন নায়লা আজাদ।

বটতলা ও যাত্রিকের যৌথ প্রযোজনাটি টানা ছয় প্রদর্শনীর পরিকল্পনা নিয়ে মঞ্চে উঠছে অক্টোবরের প্রথম সপ্তাহে।

‘সোহোতে মার্ক্স’-এ অভিনয় করছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা।

‘মার্ক্স ইন সোহো’-তে দুনিয়া কাঁপানো রাজনৈতিক দার্শনিক কার্ল মার্ক্সকে পরিবারের প্রতি দায়িত্বশীল এক ব্যক্তির ভূমিকায় দেখিয়েছেন নাট্যকার জিন। নিউইয়র্কের পাশেই সোহো নামের একটি অঞ্চলের পটভূমিতে নাটকটি লেখা হয়েছে। লন্ডনের অদূরেও একই নামে একটি এলাকা রয়েছে। সেখানে মার্কস জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। পুঁজিবাদে মত্ত মানুষকে শৈল্পিকভাবে ফেরানোর সংকল্প এ নাটক।

‘সোহোতে মার্ক্স’-এর মঞ্চায়ন হবে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে।

৬ ও ৭ অক্টোবর থাকছে একটি করে প্রদর্শনী, যা অনুষ্ঠিত হবে সন্ধ্যায়। এর পরের দুদিন বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় হবে বাকি শো।