সিলেটের জৈন্তাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার করপাড়া গ্রামের ওহাব মিয়ার স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওহাব মিয়ার সৎভাই আবদুল করিম ও তার স্ত্রী শিরিনা বেগমকে আটক করেছে পুলিশ।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, ওহাব মিয়ার সঙ্গে তার সৎভাই আবদুল করিমের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জেরে বৃহস্পতিবার ওহাবের স্ত্রীর সঙ্গে আবদুল করিম ও তার স্ত্রী শিরিনার ঝগড়া হয়। একপর্যায়ে আবদুল করিম ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূকে এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি আরও জানান, হত্যায় জড়িত অভিযোগে আবদুল করিম ও তার স্ত্রী শিরিনাকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।