চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সাময়িক বরখাস্তাদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি মজিবুর রহমান ও কামরুল ইসলাম হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এই সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছে শাজাহান শিশির অনুসারী কচুয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দ মিছিল বের হয় উপজেলা সদরে।
শাহজাহান শিশিরের আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, এ রায়ের ফলে শাহজাহান শিশিরের উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা রইল না।
এর আগে গত ২০২০ সালের ১৯ জুলাই কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণে অনিয়মের সূত্র ধরে চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধরের অভিযোগে আদালতে মামলা করা হয়। পরে ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চেয়ারম্যান পদ থেকে শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করে। তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর ২৫ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। তিন মাস ১২ দিন কারাভোগের পর ওই বছরের ৭ ডিসেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
শিশিরের আইনজীবী মো. ইব্রাহিম খলিল মজুমদার জানান, গত ২০২০ সালের ২৪ জুলাই ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শিশিরের বিরুদ্ধে ঢাকা ধানমন্ডি থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) অ্যাক্টে মামলা করা হয়। পরে ১৭ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। চলতি বছরের ১ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ ঢাকা আদালতে হাজির হয়ে মামলায় স্থায়ী জামিন প্রার্থনা করেন শিশির। ওই আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে তিনি ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এই আইসিটি মামলা থেকেও আদালতের মাধ্যমে শাহজাহান শিশির জামিন পাওয়ার অপেক্ষায় রয়েছেন।