শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের নির্দেশ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার ৮০ দিন আগেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আর মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। গত বুধবার ঢাকা শিক্ষা বোর্ড এ নির্দেশ দিয়েছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন না করার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে অ্যাডহক কমিটি অথবা কমিটিবিহীন শিক্ষা অফিসার বা উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরে বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছিল।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কভিড-১৯ মহামারীর কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু হওয়ায় প্রবিধানমালা-২০০৯-এর প্রবিধি ৭ ও ৮ মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো। নির্দেশনাটি নি¤œ-মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে দেওয়া হয়েছে।